তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার (৫ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বিকালে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যান এবং সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

ঢাকা থেকে কক্সবাজার আগমন

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বালুখালী ৯ নম্বর ক্যাম্প পরিদর্শন

সফরের শুরুতে হাকান ফিদান উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৬ ও ১৭ নম্বর ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম

পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসব ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, এপিবিএন, র‌্যাব, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তুরস্কের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে এ সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তার এ সফরকে রোহিঙ্গা সংকটের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ