তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। ৪ থেকে ৬ জুন তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
সফরসূচি ও বৈঠক
সফরকালে হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। আলোচনায় প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।
রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের নীতিনির্ধারকদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে।
প্রতিরক্ষা সহযোগিতা
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক। বাংলাদেশও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। অন্তর্বর্তী সরকারের সময় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাত ঢাকা সফর করেছিলেন। তখন প্রতিরক্ষা শিল্পাঞ্চল তৈরির প্রস্তাব দেওয়া হয়। এই বিষয় নিয়েও হাকান ফিদানের সঙ্গে আলোচনা হতে পারে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
বাংলাদেশ সফরকালে হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে পারেন। সেখানে তুরস্কের তৈরি ফিল্ড হাসপাতালের কার্যক্রম তিনি দেখবেন। উল্লেখ্য, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। তিনি মূলত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে প্রচারণার জন্যই তুরস্ক গিয়েছিলেন।



