ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে অগ্রসর হচ্ছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে কোনও ধরনের তাড়াহুড়ো না করতে নিজের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন।
ট্রাম্পের বক্তব্য
ট্রাম্প লিখেছেন, ‘আমি আমার প্রতিনিধিদের চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে জানিয়ে দিয়েছি এবং সময় এখন আমাদের পক্ষেই রয়েছে।’ এর আগে শুক্রবার রাতে ট্রাম্প দাবি করেছিলেন যে, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে’।
হরমুজ প্রণালি অবরোধ
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে অবরোধ রয়েছে, তা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। তিনি বলেন, ‘একটি চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই জলসীমায় মার্কিন নৌবাহিনীর অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে।’
চুক্তি নিয়ে কোনও ধরনের তাড়াহুড়ো না করার ওপর জোর দিয়ে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটিকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনও ভুল করা যাবে না!’
ইতিবাচক মনোভাব
অবশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে।’
সূত্র: আল জাজিরা



