মিনায় যাচ্ছেন হাজিরা, হজ ব্যবস্থাপনায় সৌদি প্রশংসায় ধর্মমন্ত্রী
মিনায় যাচ্ছেন হাজিরা, হজ ব্যবস্থাপনায় সৌদি প্রশংসায় ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে মিনায় যাত্রা শুরু করছেন বাংলাদেশি হাজিরা। এ উপলক্ষে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও সৌদি সরকারের নেওয়া বিশেষ আয়োজনের প্রশংসা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, এবারের হজ ব্যবস্থাপনা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত ও সুশৃঙ্খল হয়েছে। সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনে এসব কথা বলেন তিনি।

সৌদি সরকারের ভূয়সী প্রশংসা

ধর্মমন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, সৌদি আরব সরকার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। হাজিদের যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের খেদমতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, আমরা সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞ। মিনায়, আরাফায় ও মুজদালিফায় এবারের আয়োজন অত্যন্ত সুন্দর ও উন্নত হয়েছে। এত বড় পরিসরে এমন আয়োজন করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

হাজিদের যাত্রা শুরু

ধর্মমন্ত্রী জানান, কিছু হাজি মঙ্গলবার রাত থেকেই মিনার উদ্দেশে রওনা হবেন। সরকারি ব্যবস্থাপনার হাজিদের একটি বড় অংশ পরদিন সকালে মিনায় যাবেন। তিনি বলেন, আমরা ইনশাআল্লাহ পরশুদিন সকালে হাজিদের নিয়ে মিনায় যাচ্ছি। সার্বিক প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাই কাজ করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর উদ্যোগ

হাজিদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এটা উপহার নয়। আরাফার ময়দানে হাজিদের কিছু খেদমত করার চেষ্টা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সময় হলে আপনারাই দেখতে পারবেন। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে এবারের হজ আগের তুলনায় আরও ভালো ও স্বস্তিদায়ক হবে। সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা হাজিদের সুন্দরভাবে হজ পালনের তাওফিক দান করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ