যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সম্পর্ক পুনর্গঠনের বার্তা নিয়ে ভারত সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, পাশাপাশি পাকিস্তান ও চীনের সঙ্গে ওয়াশিংটনের নতুন ঘনিষ্ঠতা দুই দেশের কৌশলগত সম্পর্কে অস্বস্তি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কলকাতায় রুবিওর সফর
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২৩ মে) কলকাতায় পৌঁছে রুবিও মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ও ধর্মীয় গোষ্ঠীগুলোর সদর দপ্তর পরিদর্শন করেন। দিনের পরবর্তী সময়ে নয়া দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তবে এর আগে নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আলোচনার মূল বিষয়
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা হবে আলোচনার মূল বিষয়। এছাড়া আগ্রা ও জয়পুর সফরেরও পরিকল্পনা রয়েছে রুবিওর। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব মোকাবিলায় গত কয়েক বছর ধরে ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে গুরুত্ব দিয়ে আসছে ওয়াশিংটন।
শুল্ক নিয়ে বিরোধ
তবে গত বছর ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের পর সেই সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। যদিও অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে কিছু শুল্ক প্রত্যাহার করা হয়েছে, তবুও পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এদিকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে ঘনিষ্ঠতা ভারতকে অস্বস্তিতে ফেলেছে। ইরান সংকট ঘিরে ইসলামাবাদ এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
জ্বালানি নিরাপত্তা
জ্বালানি নিরাপত্তার প্রশ্নেও দুই দেশের মধ্যে আলোচনা বাড়ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র বিকল্প সরবরাহ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। রুবিও জানিয়েছেন, ভারতে জ্বালানি সরবরাহে নিজেদের অংশ বাড়াতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আলোচনা করেছে।
বিশেষজ্ঞের মতামত
ওয়াশিংটনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের বিশেষজ্ঞ বাসান্ত সাংঘেরা বলেন, চলতি মাসে ট্রাম্পের বেইজিং সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। সফরের সময় ট্রাম্পের মনোভাব ভারতে ‘উদ্বেগের এক চরম ঝড় তৈরি করেছিল’।



