মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বর্তমানে খুবই কম। যুক্তরাষ্ট্র কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিকদের হত্যার অভিযোগ আনার এক দিন পর রুবিও এ মন্তব্য করেন।
কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নেই
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন। তার ভাষায়, ‘কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানোটাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ। আমি সত্যি কথাই বলছি। তবে বর্তমানে যাদের সঙ্গে আমরা কাজ করছি, তাতে এমন সমাধানের সম্ভাবনা খুব একটা নেই।’
কিউবার বিরুদ্ধে অভিযোগ
রুবিও আরও অভিযোগ করেন, কিউবা পুরো অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক। তবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। বরং ওয়াশিংটন ‘নির্দয় ও পরিকল্পিতভাবে’ কিউবার বিরুদ্ধে কাজ করছে। তার অভিযোগ, রুবিও সামরিক উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টা করছেন।
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ
মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বুধবার মিয়ামিতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগগুলো ঘোষণা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে, কাস্ত্রো ‘নিজ ইচ্ছায় বা অন্য কোনোভাবে’ সেখানে হাজির হবেন। সাংবাদিকেরা যখন মার্কো রুবিওর কাছে জানতে চান যে, রাউল কাস্ত্রোকে আদৌ যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে কি না বা করলে কীভাবে করা হবে। জবাবে রুবিও বলেন, ‘আমরা যদি তাকে এখানে আনার চেষ্টা করি, তবে সেই পরিকল্পনা আমি গণমাধ্যমকে কেন বলব?’
আদিস লাস্ত্রেস মোরেরার গ্রেপ্তার
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র আদিস লাস্ত্রেস মোরেরাকে গ্রেপ্তার করেছে। তিনি কিউবার সামরিক বাহিনী পরিচালিত একটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তার বোন। এ ব্যবসায়িক গোষ্ঠী দেশটির অর্থনীতির লাভজনক খাতগুলোর বেশির ভাগ নিয়ন্ত্রণ করে। রুবিওর অভিযোগ, মোরেরা ফ্লোরিডায় বসবাস করলেও একই সঙ্গে হাভানার কমিউনিস্ট সরকারকে সহায়তা করছিলেন। তাঁকে অভিবাসন কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। বহিষ্কারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি হেফাজতে থাকবেন।
ট্রাম্পের মন্তব্য
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ‘ব্যর্থ দেশ’ বলে উল্লেখ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, তার প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে কিউবাকে সহযোগিতা করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, ‘৫০-৬০ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা এ বিষয়ে কী করা যায়, তা ভেবেছেন। মনে হচ্ছে, আমিই হয়তো সেটা বাস্তবায়ন করতে পারব। আর আমি সেটা করতে পারলে খুশি হব।’
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার ঘটনায় নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে কিউবার বিরুদ্ধে ‘জবরদস্তি’ ও ‘হুমকি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ক্রেমলিন বলেছে, হাভানার ওপর যুক্তরাষ্ট্র যে চাপ সৃষ্টি করছে, তা ‘সহিংসতার কাছাকাছি’ পর্যায়ে পৌঁছেছে।
কিউবার বর্তমান অবস্থা
বর্তমানে কিউবা তীব্র জ্বালানি ও খাদ্য সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তেল সরবরাহে বাধার কারণে দেশটিতে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা যুক্তরাষ্ট্র–কিউবা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।



