চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয়
নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং ‘এমটিকেপিপি ০১’ নামের একটি বাণিজ্যিক জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম সানইয়াপং কালাহান।
ঘটনার বিবরণ
শিপিং এজেন্ট ও চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গভীর সমুদ্রের ‘চার্লি অ্যানকর পয়েন্টে’ নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এসময় এক ক্রু ধারালো অস্ত্র দিয়ে রাফিফংকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে জাহাজের শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সমুদ্রে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মারামারির ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



