প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবিত করমুক্ত আয়সীমা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।’ তিনি এই সীমা যথাক্রমে ৪ লাখ, সাড়ে ৪ লাখ এবং ৫ লাখ টাকা করার প্রস্তাব রাখেন।
টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব
ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন ও সম্পত্তি নামজারির ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানান।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানোর প্রস্তাব
প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন। তবে শর্ত হিসেবে তিনি বলেন, ‘এই কর সুবিধার বিনিময়ে বিশ্ববিদ্যালয়কে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারণ করতে হবে।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা সম্প্রসারণ
পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর-সুবিধা আরও সম্প্রসারণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর করমুক্ত আয়ের সুবিধা আরেকটু বাড়িয়ে তাদের ব্যবসা, কৃষি খাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতনের আয়কেও করমুক্ত করা উচিত। এটা পাহাড়ি এবং সমতল উভয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রযোজ্য হবে।’
চিংড়ি শিল্প ও অন্যান্য খাতে শুল্ক সুবিধা
চিংড়িশিল্পের প্রসার ও রপ্তানি বাড়াতে ফিড অ্যাডিটিভ, প্রোবায়োটিকস, ভিটামিন, মিনারেলস এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ওপর আরোপিত শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ওষুধ ও শিল্প কারখানায় ব্যবহৃত মধু আমদানির ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং পিইটি রেজিন, পিভিসি, কোল্ড-রোলড শিট, রোল প্রোডাক্টের অক্সাইডসহ বিভিন্ন শিল্পের কাঁচামালের ওপর প্রস্তাবিত শুল্ক হ্রাস বা প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।
বাজেট প্রক্রিয়া ও সংসদ অধিবেশন
বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকালে সংসদ অধিবেশন শুরু হয়। প্রথমে বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তারপর সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।’ তিনি কর–ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও করদাতাবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।



