রাজধানীর নদ্দা নতুন বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে বাসের চারজন আরোহী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই, আর অন্যরা হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের লাইজু বেগম (৩৮), তাঁর স্বামী কবির জমাদ্দার (৪৭), বাগেরহাটের খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)। আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই নেসার উদ্দিন বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। নদ্দা নতুন বাজার এলাকায় আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক (রোড ডিভাইডার) ভেঙে অপর দিক থেকে আসা আকাশ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আকাশ পরিবহনের বাসটি রাজধানীর উত্তরা থেকে গুলিস্তানে যাচ্ছিল।
এ দুর্ঘটনায় চারজন বাসযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার ও চিকিৎসা
নেসার উদ্দিন আরও বলেন, ইসলাম পরিবহনে ৫-৭ জন যাত্রী ছিলেন। আর আকাশ পরিবহনে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রীদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। আর ঘটনাস্থলেই এক নারী মারা যান। পরে মরদেহ চারটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।



