ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন; আর এখন আসেন নিতে। বাংলাদেশে ক্রীড়ামোদিদের সংখ্যা কমে যাচ্ছে। ক্রীড়ামোদিদের জায়গা রাজনীতি, ব্যবসায়ীরা দখল করেছে। এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।

যশোরে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদ্বোধন

শনিবার দুপুরে যশোরের শামসুল হুদা একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় রঙিন হয়ে উঠে।

স্পিকারের অনুভূতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখানে এসে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গেলাম ছোট বাচ্চাদের দেখে। আমার প্রিয় শহর যশোরে। আমি ৭১ সালে যশোর ক্যান্টমেন্টে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। যশোর কান্টনমেন্টে আড়াই বছর চাকরি করেছি শুরুতে। শামসুল হুদার নামে স্টেডিয়াম হওয়ায় আমি খুশি। তার নামে এখন একাডেমি হয়েছে বাংলাদেশে এমন নজির নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা এতদিন বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। জাহেদী সাহেব এই উদ্যেগ চালিয়ে যাবেন প্রত্যাশা এমন। পাকিস্তান এবং আর্জেন্টিনার বন্ধু এসেছে তাদের ধন্যবাদ। আশা করি যশোরের ফুটবলের মান উন্নত হবে সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে এশিয়ার মধ্যে সেরা দল হবে বাংলাদেশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাফুফে সভাপতির পরিকল্পনা

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা থেকে কোচ আনার। যারা ভালো খেলবে, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এই ধরণের ব্যতিক্রমধর্মী এই আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।

পুরস্কার বিতরণ

বিকালে বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ফেস্টিভ্যালে ক্ষুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বাবুফের সহ-সভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী, পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এ্যাটাচি জায়ান আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য

শুরুতে নাসের জাহেদী তার স্বাগত বক্তব্যে বলেন, আজকের দিনটি অনেক আনন্দের। তবে আজকের দিনটি ভিন্ন মাত্রা পেয়েছে স্পিকার আমাদের মাঝে এসেছেন। তার আগমনে এই একাডেমিসহ সব ফুটবলাররা অনুপ্রাণিত হবে। আশা করি এই ধারা চলতে থাকবে।

এদিকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর চোখেমুখে লেগে ছিল হাসির আভা। একাডেমির সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। আশা করেন এখান থেকে বেড়ে উঠবে আগামীর তারকারা। যশোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হামিদপুরে অবস্থিত এই একাডেমি মন কাড়তে বাধ্য হবে ভক্ত-ক্রীড়াপ্রেমীদের। আগামীর ফুটবলাররা এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে হয়ে উঠতে পারবেন লাল-সবুজের প্রতিনিধিও।