রংপুরে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন ও সাধারণ সভা আহ্বানের দাবি এবং দখলদারত্বের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করে। তারা সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে সাত শ্রমিককে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
দুই ঘণ্টার কর্মসূচি
সোমবার দু ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের অভিযোগ
মোটরশ্রমিকদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থবির হয়ে যায়। দু বছর ধরে কোনও সাধারণ সভা কিংবা নির্বাচন দেওয়া হচ্ছে না। উল্টো বিএনপির নাম ভাঙিয়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধ করে দখলদারত্ব প্রতিষ্ঠা করে শ্রমিকদের ওপর নানাভাবে নির্যাতন, দমন-পীড়ন চালানো হচ্ছে। এরই প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টা থেকে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সভা আহ্বানের দাবিতে শ্রমিকরা পরিবহন ধর্মঘট ডেকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
হামলার ঘটনা
তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাত মোটরশ্রমিককে কুপিয়ে আহত করে। এ খবর জানাজানি হলে মোটর শ্রমিকরা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়। ২ ঘণ্টা পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পুলিশ হামলা করে শ্রমিকদের আহত করার ঘটনায় দুই জনকে আটক করেছে।
নেতাদের বক্তব্য
এ ব্যাপারে মোটরশ্রমিক ইউনিয়ন নেতা আফতাব উদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতৃত্বশূন্য হয়ে পড়ে মোটরশ্রমিক ইউনিয়ন। এ সুযোগে বিএনপির নাম ভাঙিয়ে ইউনিয়নের কার্যালয় দখল করে কেন্দ্রীয় বাস টার্মিনালসহ মহাসড়কে চাঁদাবাজি ও সন্ত্রাস সৃষ্টি করে শ্রমিকদের জিম্মি করে রাখা হয়। হারুন চৌধুরীর নেতৃত্বে পুরো বাস টার্মিনাল ও সবখানে দখলদারত্ব সৃষ্টি করে শ্রমিকদের জিম্মি করে রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে সাধারণ সভা আহ্বান করে মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি জানিয়ে আসলেও সরকারি দলের প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।’
অপর মোটরশ্রমিক নেতা মোখতার হোসেন বলেন, ‘রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন বিএনপির নাম ভাঙিয়ে দখল করে রাখা হয়েছে। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনও প্রতিকার মিলছে না। বাধ্য হয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা আহ্বানের দাবিতে সোমবার পরিবহন ধর্মঘট ডাকা হয়।’
এ ব্যাপারে রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বাবু বলেন, ‘আমরা ২ বছর ধরে মোটরশ্রমিক নামধারীদের কাছে জিম্মি হয়ে রয়েছি। সে কারণে সাধারণ সভা আহ্বানের দাবিতে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করেন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সাত শ্রমিককে আহত করা হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
পুলিশের বক্তব্য
রংপুর মেট্রোপলিটান ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী জানান, মোটরশ্রমিকরা সাধারণ সভা আহ্বানের দাবিতে ধর্মঘট ডাকেন। পরে তাদের ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। দাবি-দাওয়া বাস্তবায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



