ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির।
মামলার প্রেক্ষাপট
শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি মামলা দায়েরের পর শনিবার এ মামলা দায়ের করে ছাত্রদল। তবে এনসিপির বিরুদ্ধে করা মামলার বাকি ২১ আসামির নাম জানা সম্ভব হয়নি।
এনসিপির বিরুদ্ধে অভিযোগ
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদীর ওপর হামলা চালান। দেশি অস্ত্রশস্ত্র দিয়ে বাদীর ওপর এনসিপি নেতাকর্মীরা হামলা করেন এবং হত্যার হুমকি দেয়।
পুলিশের বক্তব্য
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। ঝিনাইদহ সদর থানার মামলা নং-৪৩। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বের ঘটনা
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেন তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলা দায়ের করে রাত ১০টার দিকে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।



