রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর।
কীভাবে উদ্ধার
এর আগে সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ ‘এসএস পরিবহন’ থেকে ইয়াবার এ বড় চালান উদ্ধারসহ কারবারি মনসুর মন্ডল ওরফে বোদাকে আটক করা হয়। আটক মনসুর রংপুর পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান করে। এক পর্যায়ে মাদক কারবারি মনসুর মন্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবা নিতে আসলে তাকে হাতে-নাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চায়ের প্যাকেটে ভেতর থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকারও বেশি।
কারবারির চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আবু জাফর ও বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, কক্সবাজারে মনসুরের একটি চায়ের দোকান রয়েছে। সে চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো। এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে ১২ হাজার ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছি। সে কার মাধ্যমে ইয়াবা আনতো, কোথায় বিক্রি করতো এবং এ চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



