পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামের এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার পর ছাত্রদল নেতাসহ গ্রামবাসীর বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
আটক ও ছাড়ের ঘটনা
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দিন সন্ধ্যায় নিজ গ্রাম থেকে ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। রিপন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের হাবিবুর সরকারের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আলোচনার পর মুক্তি
এরপর ওসির কক্ষে পুলিশ ও ছাত্রদল নেতা সোহেলসহ গ্রামের শীর্ষ কয়েকজন ব্যক্তি আলোচনায় বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই যুবলীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল বলেন, 'আমাদের গ্রামের স্বার্থে একটা খাস জায়গার ওপর বাজার বসানো হয়েছে। এটা নিয়ে ভিলেজ পলিটিকস হচ্ছে। এক ব্যক্তির স্বার্থে তাকে (যুবলীগ নেতা রিপন) থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। তাই আমরা থানায় এসেছি।'
পুলিশের বক্তব্য
ভাঙ্গুড়া থানার ওসি শাকিউল আজম বলেন, 'রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার বিষয়ে সন্দেহভাজন হিসাবে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।'



