ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিবরণ
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বাংলা ট্রিবিউনকে জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে এতে কেউ আহত হননি।
প্রতিবাদী মিছিল
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।



