সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ থেকে জারি করা এক দফতর আদেশে এ তথ্য জানানো হয়।
বরখাস্তের কারণ
আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন শর্ত
আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
নতুন দায়িত্ব
এছাড়া বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।



