দুর্নীতির অভিযোগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
আদালতের নির্দেশ
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আবু তালহা এই আবেদন করেন।
আবেদনের কারণ
আবেদনে বলা হয়, আসামি হাকিমুন্নাহার গত বছরের ২৩ নভেম্বর নির্ধারিত সময়সীমার মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল না করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। আসামি হাকিমুন্নাহার একজন আয়কর দাতা। অনুসন্ধানকালে ২০২০-২১ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের তুলনামূলক পর্যালোচনা করা হয়।
আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু থেকে স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।



