দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবায় হয়রানি রোধ এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম গণশুনানি সোমবার (১১ মে) অনুষ্ঠিত হবে। রোববার (১০ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গণশুনানির স্থান ও আয়োজন
গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এ গণশুনানির আয়োজন করছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-রংপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসন এবং মহাপরিচালক মো. মোতাহার হোসেন।
অভিযোগ দাখিলের সুযোগ
দুদক জানিয়েছে, বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত ব্যক্তিরা গণশুনানিতে সরাসরি অভিযোগ তুলে ধরতে পারবেন। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ শুনবে কমিশন। একই সঙ্গে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তও নেওয়া হবে।
উদ্দেশ্য ও প্রস্তুতি
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধই এ গণশুনানির মূল উদ্দেশ্য। গণশুনানিতে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে গাইবান্ধার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, বুথ স্থাপন এবং অভিযোগ সংগ্রহ কার্যক্রম চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে বলে জানিয়েছে দুদক।



