পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলার মধ্যে সংবাদমাধ্যমে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে একটি ‘পরিকল্পনা’ বাস্তবায়নের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
মমতার ভিডিও বার্তা
এক ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিনি জানতেন ও এমনকি ভবিষ্যদ্বাণীও করেছিলেন যে একটি পরিকল্পনার অংশ হিসেবে বিজেপি প্রথমে তাদের ফলাফল দেখাবে। তবে তিনি এবং তার দল ‘বাঘের বাচ্চার মতো লড়াই’ করবে।
ফলাফলের চিত্র
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে এবং এর পরেই ৮৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
ভোটার তালিকা বিতর্ক
এবারের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর তীব্র সমালোচনা করে আসছিলেন মমতা। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যটির মোট ভোটারের প্রায় ১১.৬ শতাংশ বা ৮৯ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই সংখ্যাটি ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধানের চেয়ে কিছুটা বেশি।
গণনা প্রক্রিয়ায় অনিয়ম
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, ‘আমি সব কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের অনুরোধ করছি আপনারা গণনাস্থল ছেড়ে যাবেন না। এটি বিজেপির একটি পরিকল্পনা। গতকাল থেকেই আমি বলে আসছি যে প্রথম দুই বা তিন রাউন্ডে ওরা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে এবং আমাদেরটা দেখাবে পরে।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, প্রায় ১০০টি স্থানে দুই বা তিন রাউন্ডের পর ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়েছে। কল্যাণীতে সাতটি মেশিন পাওয়া গেছে যেগুলোর কোনও মিল পাওয়া যায়নি। এটি সর্বত্র তৃণমূল কংগ্রেসকে অত্যাচার করতে, অফিস ভাঙচুর করতে এবং জোরপূর্বক দখল করতে কেন্দ্রীয় বাহিনীর সম্পূর্ণ শক্তিপ্রয়োগ।
ভুয়া খবরের অভিযোগ
তিনি আরও দাবি করেন, ‘আপনারা দেখেছেন কীভাবে তারা জেতার মতো আসনগুলোতে জয়ী হতে এসআইআর-এর নামে ভোট লুট করেছে। কিন্তু এখনও ৭০ থেকে ১০০টি আসন রয়েছে যেখানে আমরা এগিয়ে আছি, যা তারা প্রকাশ করছে না। তারা পুরোপুরি ভুয়া খবর ছড়াচ্ছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে নিজেদের ইচ্ছেমতো খেলছে। আমাদের পুলিশ সম্পূর্ণ আত্মসমর্পণ করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে।’
দলীয় কর্মীদের আশ্বাস
দলের নেতা-কর্মীদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্ট এবং দলের সব কর্মীকে বলব এত মন খারাপ করবেন না। আমি বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। মাত্র তিন বা চার রাউন্ডের গণনা হলেও মোট ১৪ থেকে ১৮ রাউন্ডের গণনা রয়েছে। আপনারা তখন জিতবেন। অপেক্ষা করুন ও দেখুন। আমরা আপনাদের সঙ্গে আছি। ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।’
সূত্র: এনডিটিভি



