নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে রাজন (২২) নামে এক ছেলে। রোববার (৩ মে) রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার বিকালে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
কীভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা?
নিহত সাজেদা বেগম (৫৫) ওই মহল্লার আব্দুল মতিনের স্ত্রী। অভিযুক্ত ছেলে রাজনকে শনিবার রাতেই তার শশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে রাজন স্ত্রীকে নিয়ে উপজেলার বাগডোব গ্রামে শশুরবাড়িতে বসবাস করেন। এছাড়া আব্দুল মতিন আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করায় সাজেদা বেগম বাড়িতে একাই থাকতেন।
রাজন মাঝেমধ্যেই তার মায়ের কাছে এসে মাদকসেবনের জন্য জোর করে টাকা নিয়ে যেত। শনিবার বিকালে সে তার মায়ের কাছে এসে ৫শ টাকা দাবি করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় রাজন পকেট থেকে ছুরি বের করে তার মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়।
প্রতিবেশীদের ভূমিকা ও হাসপাতালে মৃত্যু
পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
পুলিশের ব্যবস্থা
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ঘটনার পর পরই অভিযুক্ত রাজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।



