সমালোচনার মুখে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের আলটিমেটাম বাতিল করল এসএমপি
সমালোচনায় এসএমপির অনিবন্ধিত পোর্টাল বন্ধের আলটিমেটাম বাতিল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সমালোচনার মুখে একদিনের মাথায় সেটি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগে জারি করা গণবিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ বাতিল করা হয়। এসএসপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মঞ্জুর আহমদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আলটিমেটামের পটভূমি

এর আগে বুধবার সন্ধ্যায় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একইসঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছিল।

গণবিজ্ঞপ্তির বিবরণ

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনও সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া ও বাতিল

এসএমপি কমিশনারের এই গণবিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা জারি করা গণবিজ্ঞপ্তি আজ সকালে বাতিল করেন এসএমপি কমিশনার।