মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মঞ্জু (৩৩)। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করেন। তাঁর বাড়ি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে। তবে তাঁর পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন মঞ্জু। তিনি পানি পানের অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরেন। শিশুটির মা বিষয়টি দেখে ফেলেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। সে সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেন এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্তের দাবি
আটকের পর অভিযুক্ত মঞ্জু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করছেন। সোমবার সকালে কাজ শেষে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয় লোকজন তাঁকে মারধর করতে শুরু করেন। তিনি কোনো অনৈতিক কাজ করেননি বলে দাবি করেন।
পুলিশের বক্তব্য
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয় লোকজনের হেফাজতে থাকা অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করি। তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় যৌন হয়রানির অভিযোগে শিশুটির বাবা দুপুরে থানায় মামলা করেছেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’



