বরিশালের মুলাদী উপজেলায় এক বন্ধুর বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনায় তিন বন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা।
ঘটনার বিবরণ
শনিবার দিবাগত রাতে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকায় বন্ধু ফাহাদ হাওলাদারের বাড়িতে সিঁদ কেটে চুরি করে অলিউল্লাহ মাঝি (২১), ইয়ামিন (২৪) ও নয়ন সিকদার (২৫)। তারা তিনজন ফাহাদের বন্ধু বলে জানা গেছে।
আটক ও উদ্ধার
রোববার সকালে ফাহাদ ঘরে সিঁদকাটা ও মালপত্র তছনছ দেখে স্থানীয়দের জানান। সকাল ৭টার দিকে তিন বন্ধুকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। তল্লাশি করে চুরি হওয়া ৩টি মোবাইল ফোন, রূপার চেইন ও আংটি এবং ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
মামলা ও কারাগার
এ ঘটনায় ফাহাদ হাওলাদার বাদী হয়ে তার তিন বন্ধুর বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন। ওসি সোহেল রানা বলেন, 'সিঁধ কেটে চুরির ঘটনায় মামলা হয়েছে এবং বাদীর তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।'



