টাঙ্গাইলের মধুপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজন মিয়া নামের ওই যুবকের। তার মরদেহ গ্রামে পৌঁছালে ঈদের আগের সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
হামলার ঘটনা
নিহত সুজন পৌর এলাকার গোপদ গ্রামের আমান আলীর ছেলে। জানা গেছে, গোপদ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আবু সাইদের সঙ্গে একই এলাকার ফরহাদ হোসেন কালুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে ৪১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমি গোপদ মৌজার সাবেক দাগ নম্বর ৩৮৬ ও ৩৮৭ এবং হাল দাগ নম্বর ১০৮৩ ও ১০৮৪-এর আওতাভুক্ত।
অভিযোগ রয়েছে, গত ২২ মে সকাল সাড়ে ৮টার দিকে আবু সাইদের ভাগনে সোহাগ বিরোধীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসেন সুজন মিয়া, মীর আলী ও সুজনের স্ত্রী অন্তঃসত্ত্বা জাহানারা বেগম। হামলায় তারা সবাই আহত হন।
চিকিৎসা ও মৃত্যু
আহতদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সুজন মিয়াসহ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তিনি মারা যান।
দাফন ও বিক্ষোভ
ময়নাতদন্ত শেষে রাতেই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গোপদ বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সুজন সরাসরি জমি বিরোধের পক্ষভুক্ত না হয়েও বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
মামলা ও তদন্ত
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা এসআই সোহেল হোসেন আসামিদের গ্রেপ্তারে কাজ করছেন।



