সৌদি প্রবাসী ছেলে মাসুম মণ্ডলকে হারিয়ে থানায় বসে বিলাপ করছিলেন মা রুমি আক্তার। আজ বুধবার সকালে আক্কেলপুর থানার চত্বরে দেখা যায়, তিনি কাঁদছিলেন আর বলছিলেন, ‘তোরা জমি লিবি লে, মোর বুকের ধনের ম্যারে ফেললু ক্যান। হামি তোরকে ফাঁসি চাই।’
ঘটনার বিবরণ
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তিলকপুর খিরাহাটি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মাসুম মণ্ডল (২৩)। তিনি নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মিলন মণ্ডলের ছেলে। প্রায় এক বছর আগে দেশে ফেরেন তিনি। আটক ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৫৮)। তিনি মাসুমের চাচা বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক বিরোধ ও পূর্বের হত্যাকাণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুমের দাদার কাছ থেকে কিছু জমি কিনেছিলেন গোলাম মোস্তফা। তবে অভিযোগ আছে, তিনি কেনা জমির চেয়ে বেশি জমি ভোগদখল করছিলেন। পরে মাসুমের বাবা ও চাচারা জমি মাপজোখ করে দখলে থাকা অতিরিক্ত অংশ উদ্ধার করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
স্বজনদের দাবি, ওই বিরোধকে কেন্দ্র করেই এর আগেও মাসুমের দাদা ফজলুর রহমান ও তাঁর ছেলে রতন মণ্ডল (মাসুমের চাচা) নিহত হন। এসব ঘটনায়ও গোলাম মোস্তফা ও তাঁর লোকজনের সম্পৃক্ততার অভিযোগ আছে। এসব ঘটনায় করা মামলায় গোলাম মোস্তফা ও তাঁর লোকজনকে আসামি করা হয়েছিল।
হত্যাকাণ্ডের বিবরণ
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গতকাল বিকেলে মাসুম মণ্ডল তিলকপুর বাজারে যান। রাতে বন্ধুদের বাড়ি পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফেরার সময় খিরাহাটি রেলগেট এলাকায় পৌঁছালে তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযোগ আছে, এ সময় গোলাম মোস্তফার ছেলে শিবলু, হানিফ ও তাঁদের ভগ্নিপতি উজ্জ্বল হোসেন মাসুমকে পিঠ ও বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাসুমের ফুফু বিথী খাতুন বলেন, ‘জমি নিয়ে আমার বাবা ফজলুর রহমান ও ভাই রতন মণ্ডলকে হত্যা করা হয়েছিল। এবার আমার ভাতিজা মাসুম মণ্ডলকেও খুন করা হলো। জমি নিয়ে তিনটি তাজা প্রাণ চলে গেল। কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না।’
আটক ও তদন্ত
ঘটনার পর গোলাম মোস্তফা পালিয়ে সান্তাহার রেলস্টেশনে যান বলে জানিয়েছে পুলিশ। পরে গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে আক্কেলপুর থানায় নেওয়া হয়।
গোলাম মোস্তফাকে আটকের তথ্য নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



