চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় র্যাব-৭ এর অভিযানে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার মাজারসংলগ্ন সড়ক থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক নাজমুল হককে (৩৭) আটক এবং মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
র্যাব-৭ জানায়, কক্সবাজার থেকে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।
আটক ব্যক্তির পরিচয়
আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তাকে ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।



