সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
আদালতের আদেশের বিবরণ
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুদকের পক্ষে উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দের জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন।
অভিযোগ ও তদন্তের প্রয়োজনীয়তা
আবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারকে অপরাধে সহায়তা করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
পূর্ববর্তী মামলার প্রেক্ষাপট
২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার বিবরণে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।



