গাজীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ির অদূরে জঙ্গলের পাশ থেকে আসিফ মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

নিহতের পরিচয়

আসিফ মিয়া উপজেলার ডোয়াইবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবা জাকির হোসেন ও মা আসমা খাতুন। তিনি নানা আবুল কালামের বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার বিবরণ

আজহার উদ্দিন নামের আসিফের এক স্বজন জানান, গতকাল সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি আসিফ। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের জঙ্গলে তাঁর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর পাঠান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে তাঁর অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, বাড়ির পাশেই আসিফের অটোরিকশা পড়ে ছিল। কিছুটা দূরে জঙ্গলে পাওয়া যায় তাঁর লাশ। লাশের আশপাশে একটি ওড়না, ক্যাপ, দুই জোড়া জুতা ও নারীদের ব্যবহৃত মাথার ক্লিপ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ