নোয়াখালীতে ছররা গুলিতে আহত ছাত্রদল নেতা, ফুটবল খেলা নিয়ে বিরোধের জের
নোয়াখালীতে ছররা গুলিতে আহত ছাত্রদল নেতা

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফুটবল খেলা নিয়ে কিশোরদের বিরোধের জেরে ছররা গুলিতে আহত হয়েছেন এক ছাত্রদল নেতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম মো. শাহাদত হোসেন (২৩)। তিনি খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাঁর বাবার নাম আবুল কাশেম।

আহতের অবস্থা ও চিকিৎসা

তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ বলেন, 'ছররা গুলিতে আহত অবস্থায় রাতে ওই তরুণকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।'

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, গতকাল বিকেলে এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে দুটি পক্ষে কিছু তরুণও বিবাদে জড়ায়। রাত আটটার দিকে এলাকায় দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন এগিয়ে গিয়ে দেখেন শাহাদাত হোসেন ছররা গুলিতে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের দাবি

ছাত্রদল নেতা শাহাদাতের বড় ভাই মো. হাবীব ইউনিয়ন যুবদলের সদস্য। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে তিনি ও তাঁর ভাই ফেসবুকে পোস্ট করে আসছেন। এর জেরে তাঁর ভাইকে গুলি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঘটনাস্থল পরিদর্শন শেষে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, 'বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে ছোটদের বিরোধ বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে, যার জেরে ঘটনাটি ঘটেছে।' ওসি আবদুল মোন্নাফ আরও বলেন, 'ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণেরও আলামত পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'