ডেপুটি স্পিকারের উদ্যোগে নেত্রকোনায় গির্জা সংস্কার
ডেপুটি স্পিকারের উদ্যোগে গির্জা সংস্কার নেত্রকোনায়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত মাধবপুর ক্যাথলিক চার্চটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। ধর্মীয় সভা ও সাপ্তাহিক প্রার্থনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিপ্রেক্ষিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচনি ক্যাম্পেইনে এলাকায় গিয়ে খ্রিস্টধর্মীয় যাজকদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচিত হলে চার্চটি সংস্কারের প্রতিশ্রুতি দেন।

সংস্কার কাজ সম্পন্ন ও বিশেষ প্রার্থনা

পরবর্তীতে সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি নির্বাচনি এলাকায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি মাধবপুর ক্যাথলিক চার্চ সংস্কারের জন্য নগদ অর্থ বিতরণ করেন। ইতোমধ্যে চার্চটি সংস্কার হওয়ায় ধর্মীয় কার্যাদি সুষ্ঠুভাবে শুরু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকালে গির্জা প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ধর্মাবলম্বীদের কৃতজ্ঞতা

স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মানবিক উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণে আশীর্বাদ কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ অটুট থাকার জন্যও প্রার্থনা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তাদের অভিমত

এ সময় বক্তব্য রাখেন সেলেস্টিল রিছিল, ড. অঞ্জন চিচাম, অনিল চরমা, মিথুন আরেং, দীপঙ্কর সাংমা, মিস স্টেলা আরেংসহ ধর্মযাজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানোর যে মহান দৃষ্টান্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্থাপন করেছেন, তা প্রশংসার দাবিদার। তার কাছে সব ধর্মের মানুষ সমান মর্যাদা ও সম্মান পেয়ে থাকেন। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পুনঃসংস্কারে তার সহযোগিতা কেবল একটি ভবনের উন্নয়ন নয়, বরং সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে।

ড. অঞ্জন চিচাম বলেন, “ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দুর্গাপুর-কলমাকান্দাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ‘কথায় নয়, কাজে বিশ্বাসী’- একজন জননেতা আমরা পেয়েছি। ভবিষ্যতেও তিনি এভাবেই সব ধর্মের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।”