গাজীপুরের রাজেন্দ্রপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার (৩ জুলাই) বিকালে সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে তারা বিক্ষোভ মিছিল করেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন ওই বিক্ষোভে মিছিলে নেতৃত্ব দেন।
মিছিল ও সমাবেশের বিবরণ
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর থানা এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উপস্থিত নেতাকর্মীরা
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্যসচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
পুলিশের বক্তব্য
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রলীগের মিছিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রলীগের মিছিল
একই দিন দুপুরে রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।



