জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি এক প্রকার ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 'সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
সরকারের অবস্থান স্পষ্ট নয়
নাহিদ ইসলাম বলেন, সরকার এখনও স্পষ্ট অবস্থান নেয়নি। তারা একটি ছলচাতুরি করছে। তারা বলছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয় এখনও স্পষ্ট নয়।
অচলাবস্থা থেকে উত্তরণের দায়িত্ব সরকারের
দেশে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই অচলাবস্থা থেকে আমরা বের হতে চাই এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এজন্য আমরা নিজেদের অবস্থান থেকে কাজ করছি।
আন্দোলনের হুঁশিয়ারি
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সংস্কার না হওয়ায় জনগণ সুফল পাচ্ছে না
প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় দেশের মানুষ এখনো এর সুফল ভোগ করতে পারছে না জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মানবাধিকার পরিস্থিতিরও উন্নয়ন হয়নি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস বিদ্যমান রয়েছে।



