রাঙামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
রাঙামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, অবরোধ

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংগঠনের অপর একটি গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাঙামাটি–চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

কমিটি ঘোষণা ও বিতর্ক

এর আগে শনিবার কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বঞ্চিত নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘ আট বছর পর কমিটি গঠন করা হলেও তা সম্মেলন ছাড়া করা হয়েছে।

পাশাপাশি অভিযোগ করা হয়, কমিটিতে অপহরণ, চাঁদাবাজি ও অছাত্র, বিবাহিতসহ বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে 'পকেট কমিটি' ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিক্ষোভ ও আলোচনা

শনিবার সকালে বিক্ষোভকারীরা পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের করে বনরুপা হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যায়। সেখানে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পরে জেলা বিএনপি নেতাদের আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহসভাপতি সাইফুল ইসলাম পনির বিক্ষোভকারীদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেন।

জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো. হেলিম বলেন, 'আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি কিন্তু সম্মেলন ছাড়া গঠিত এ কমিটিতে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে। অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন কমিটির প্রতিক্রিয়া

অন্যদিকে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করা হয়েছে। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।'

বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, 'দীর্ঘ আট বছর পর গঠিত এ কমিটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করবে।'

উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।