পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ করেছেন তার অনুসারী ও নেতাকর্মীরা। সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভে উপস্থিত নেতারা
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ ও মুজিবুর রহমান, মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের আহবায়ক নুর জাহান বেগম পারুল, যুগ্ম আহ্বায়ক ইয়াছমিন বাবলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ অনেকে।
বিক্ষুব্ধদের দাবি
বিক্ষুব্ধরা দাবি করেন, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেননি, বরং একটি মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিষ্কার হয়েছে বলে তারা মন্তব্য করেন।
নেতাকর্মীরা আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি পাহাড়ের একমাত্র অবিসংবাদিত নেতা দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী হিসেবেই বহাল রাখতে জোর দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত পুনর্বহালের ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।



