ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনের মুখোমুখি হওয়ার আহ্বান
রিজভী বলেন, সৎ সাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং ঈদযাত্রা নিয়ে বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ অত্যন্ত স্বস্তিতে ও শান্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
ঈদকে কেন্দ্র করে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।
প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার
আগামী দিনেও জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানান রিজভী। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দল ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



