চীন সফরে বিএনপি প্রতিনিধি দলে ছাত্রদল নেতা হামিম
চীন সফরে বিএনপি প্রতিনিধি দলে ছাত্রদল নেতা হামিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তরুণ প্রতিনিধি হিসেবে ১০ দিনের চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম।

সফরের বিবরণ

ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন। গত ১৪ মে বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানান।

চিঠিতে বলা হয়, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে এবং দেশটির উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন ও স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন

প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজসহ (এসআইআইএস) বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে মতবিনিময় করবে।

সফরের সব ব্যয়, আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন ও চীনের অভ্যন্তরীণ পরিবহন ব্যয় বহন করবে চীনা পক্ষ। আগামী ১৪ জুন প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের সদস্য

আমন্ত্রণপ্রাপ্ত ২০ প্রতিনিধির মধ্যে যুবদলের রয়েছেন ৬ জন। তারা হলেন— কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক গালিব হাসান প্রিতম, সাবেক সহকারী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান ও সাবেক সদস্য মো. মাহাদী হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর ছাত্রদলের ১৫ জনের মধ্যে পুরুষ প্রতিনিধি রয়েছেন ৮ জন। তারা হলেন— কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, প্রথম সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল ও মো. মনজুরুল আলম রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল খান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

ছাত্রদলের বাকি ৬ নারী প্রতিনিধি হলেন— কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখার সভাপতি শ্রাবণী আক্তার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নওশীন তাবাসসুম অথৈ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিমা বিনতে তারিন রোদসী, জাকসু জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) শাখার ছাত্রবিষয়ক সম্পাদক রাবেয়া তাহসিন মুন।