বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা ও মোবারকবাদ
বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি।’
ঈদুল আজহার তাৎপর্য
বিএনপি মহাসচিব বলেন, ‘ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। এটি কোরবানি ঈদ নামেও পরিচিত।’ তিনি আরও বলেন, ‘ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। সে জন্যই বিশ্ব মুসলিম এই উৎসবে মিলিত হয়। মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল-অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানি।’
ত্যাগের শিক্ষা
মির্জা ফখরুল বলেন, ‘কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়।’
সম্প্রীতি ও সৌহার্দ্য
প্রত্যেক উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে উল্লেখ করে তিনি বলেন, ‘উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। সুতরাং ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। আসুন, আমরা অঙ্গীকার করি- কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার এই আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।’
প্রার্থনা
মির্জা ফখরুল বলেন, ‘ঈদুল আজহা সবার জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই।’



