বিরোধীদলের জুনিয়র কিছু নেতাকর্মীর বক্তব্য ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ নামক সংগঠনের আয়োজনে ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন করেন।
আলাল বলেন, “বিরোধী রাজনৈতিক দলের কিছু জুনিয়র নেতাকর্মীর বক্তব্য ও আচরণ প্রশ্নবিদ্ধ। তাদের মুখের ভাষা ও আচরণ দেখে তারা মাদকাসক্ত কি না সন্দেহ জাগে।”
তিনি বলেন, “রাজনৈতিক সমালোচনা হতেই পারে। তবে তা শালীন ও যুক্তিনির্ভর হওয়া উচিত। বর্তমানে কিছু রাজনৈতিক দলের তরুণরা এমন ভাষা ব্যবহার করছেন, যা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এমনকি, রাজনীতি না করা ব্যক্তি ও প্রধানমন্ত্রীর মেয়েকেও অশালীনভাবে আক্রমণ করছে। এসব নেতার অশালীন ভাষার ব্যবহার দেখে প্রশ্ন জাগে, তারা স্বাভাবিক অবস্থায় আছেন কি না।”
বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণেই দেশে মাদক নির্মূল সম্ভব হচ্ছে না। রাজনৈতিক অপশক্তির আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মাদক ব্যবসা বিস্তার লাভ করছে।



