খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গুলি, যুবদলের দুই কর্মী আহত
খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গুলি, আহত ২

খুলনার বটিয়াঘাটা উপজেলার পুটিমারী বাজারে অবস্থিত জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গুলির ঘটনায় যুবদলের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাটি নগর পুলিশের লবণচরা থানার আওতাধীন।

আহতদের অবস্থা

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি এবং তিনি জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। অপর আহত জাহিদ মাসুম যুবদল কর্মী। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ টিনশেডের বিএনপি অফিসের ভেতরে বসে ছিলেন। এ সময় এলাকার পারভেজ নামে একজন মোটরসাইকেলে এসে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। মাসুমের বাঁ পায়ের ঊরু এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। ঘটনার পর পারভেজ দ্রুত মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লবণচরা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের বক্তব্য

নগরের লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, মাসুম বিল্লাহ ও পারভেজ পূর্বপরিচিত। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কের ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ পিস্তল দিয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি করেন। তাকে বাঁচাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হন। পরে মাসুমের পায়েও গুলি করা হয়।

ওসি আরও বলেন, আহত দুজন শঙ্কামুক্ত। পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ