কেরানীগঞ্জে পশুর হাট টেন্ডার নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ
কেরানীগঞ্জে পশুর হাট টেন্ডার নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ

ঢাকার কেরানীগঞ্জে কুরবানির পশুর হাটের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও ঢাকা জেলার আহ্বায়ক শেখ ফয়সাল।

এনসিপির অভিযোগ

শেখ ফয়সাল বলেন, তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সমর্থকেরা মোবাইল চুরির গুজব ছড়িয়ে তাদের একাধিক নেতাকর্মীর ওপর হামলা চালান। তিনি জানান, গত বছর তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটি হাটের ইজারা পেয়েছিলেন এনসিপির সমর্থকেরা। এবারও এনসিপির পক্ষ থেকে টেন্ডার নেওয়ার জন্য সকাল থেকেই তাদের নেতাকর্মীরা কেরানীগঞ্জ উপজেলায় অবস্থান করছিলেন।

সংঘর্ষের বিবরণ

তিনি আরও বলেন, মূলত এনসিপির সদস্যদের উপজেলা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ছাত্রদল পরিচয়ধারী ইসরাফিল ও রাকিব প্রথমে মারামারি শুরু করেন। পরে বিএনপির লোকজন আমাদের ধাওয়া দিলে আমরা উপজেলা প্রাঙ্গণ ত্যাগ করি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো ঘটনাস্থল থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। পরে আমি মোবাইল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যাই।

প্রশাসনের অবস্থান

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, হট্টগোলের ঘটনা আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ