মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বুধবার (৬ মে) সন্ধ্যায় জানানো হয়েছে, তিনি ঈদের আগেই দেশে ফিরতে পারেন।
প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার শারীরিক অবস্থার উন্নতির খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মির্জা আব্বাসের ছবি পোস্ট করে পাটওয়ারী ক্যাপশনে লিখেছেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।”
অসুস্থতার ঘটনা
গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
পুনর্বাসন ও বর্তমান অবস্থা
পরবর্তী সময়ে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন। বিএনপি সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং আশা করা হচ্ছে তিনি শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।



