পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা
শামীম হোসাইন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি মো. শামীম হোসাইন, বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে নিজ ইচ্ছায় এই দুটি সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করিলাম।’
কারণ জানতে চাইলে
কী কারণে তিনি পদত্যাগ করেছেন- এমন প্রশ্নের জবাবে শামীম হোসাইন বলেন, ‘আমি কী কারণে পদত্যাগ করেছি সেটি আমার ব্যক্তিগত বিষয়। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি। অফিসিয়ালভাবে পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
ছাত্রদল সভাপতির প্রতিক্রিয়া
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে অফিসিয়ালভাবে এখনো কিছু জানায়নি শামীম হোসাইন। সবার ব্যক্তিস্বাধীনতা আছে। কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, এখানে কিছু বলার নেই। তার জন্য শুভকামনা রইল।’



