ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর রহমান খাঁ (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যানের বাতাসে বোরো ধান পরিষ্কার করছিলেন মজিবর রহমান খাঁ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মোমেনা বেগম ছুটে গেলেও তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
প্রতিবেশী আজিবর রহমান বিশ্বাস বলেন, সকালে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে তাঁরা দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই মারা গেছেন। পরিবারের সদস্যরা জানান, দম্পতির বড় ছেলে বকুল হোসেন বিজিবিতে চাকরি করেন এবং কর্মস্থলে ছিলেন। ছোট ছেলে বিল্লাল হোসেন আলাদা থাকেন। তাঁদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।
পুলিশের ব্যবস্থা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



