মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, কারাদণ্ড

পাবনার সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ মা পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) রাতে সাঁথিয়া পৌর এলাকার ফকিরপাড়া মহল্লা থেকে মাদকাসক্ত আব্দুর রাজ্জাককে (৩০) আটক করে থানা পুলিশ। রোববার (৫ জুলাই) ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক সাঁথিয়া পৌর এলাকার ফকিরপাড়া মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানায় তার পরিবার। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক মাদক সেবনের টাকা না পেলে তার মা ও স্ত্রীকে মারধর করতেন এবং পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। তার মা মনোয়ারা খাতুনকে একাধিকবার মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।

মনোয়ারা খাতুন ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের সবার পরামর্শে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভ্রাম্যমাণ আদালতের রায়

রোববার (৫ জুলাই) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অপরাধে আব্দুর রাজ্জাককে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা দিতে না পারায় আরও এক মাসের কারাদণ্ডসহ মোট এক বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকাসক্ত আব্দুর রাজ্জাকের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোববার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেক মাদক সেবনকারী গ্রেপ্তার

একই অভিযানের ধারাবাহিকতায় উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে সানাউল্লাহকে মাদক সেবনের অপরাধে আটক করে ভ্রাম্যমাণ আদালত চার মাসের জেল দিয়েছেন। ওসি আনিসুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।