শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মিছিলের চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করেছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।
মিছিলে অংশগ্রহণ ও পুলিশের অভিযান
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে প্রায় অর্ধশত কর্মী-সমর্থক কাপাসিয়া এলাকায় মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের পরিচয়
আটকরা হলেন: যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটিগাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।
আইনি ব্যবস্থা গ্রহণ
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, 'ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'



