ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পরিকল্পনা করেছিল। পুলিশ তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া আয়োজিত পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারা গত তিনদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট জোরদার, পিকেট, মোবাইল পেট্রোল ও ফুট পেট্রোলের সংখ্যা বাড়িয়েছেন। এছাড়া সাদা পোশাকে ডিউটি ও টহল বাড়ানো হয়েছে।
গ্রেফতার ও তল্লাশি
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মী বা সমর্থকরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে মিছিল বা জমায়েতের সম্ভাবনা বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, হোটেল এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছি এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছি।" তিনি আরও বলেন, "তারা আজকে মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। ডিএমপি সদস্যরা তাদের এই পরিকল্পনা এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছে।"
ককটেল বিস্ফোরণের ঘটনা
অন্য এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং মিছিল থেকে ও মিছিল পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "ককটেল বিস্ফোরণ থেকে আমাদের কাছে প্রতিভাত হয়েছে যে, তাদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা থাকতে পারে। তবে আমরা নিশ্চিত হতে পারিনি। কিন্তু যেহেতু তারা মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাই আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে।" তাই ঢাকার বাইরে থেকে কেউ যাতে ঢাকা শহরে প্রবেশ করে নাশকতা বা কোনো মিছিল-সমাবেশ করতে না পারে, সেজন্য নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আশুরা ও তাজিয়া মিছিলের নিরাপত্তা
আশুরা ও তাজিয়া মিছিলে নাশকতার শঙ্কা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, "এই বছর এখন পর্যন্ত এ ধরনের কোনো আলামত আমাদের কাছে নেই। তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা বা পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।"
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।



