যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১১ মে) মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে ৩ সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু শাহীন চাকলাদার তার নিজের লাইসেন্স করা পিস্তলটি থানায় জমা দেননি।
তদন্ত কর্মকর্তার বক্তব্য
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ান জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন শাহীন চাকলাদার ওই পিস্তলসহ আত্মগোপনে চলে যান। তিনি সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রটি নিজের কাছে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন এ আশঙ্কায় ২০২৫ সালের ২৮ মে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন এসআই সাইফুল ইসলাম।
আদালতের আদেশ
তদন্ত শেষে পুলিশ সাবেক এই সংসদ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলাটি পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। সোমবার আদালত চার্জশিটটি গ্রহণ করেন এবং আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।



