জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে, যেন বৈশ্বিক একটা বার্তা দেওয়া যায়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া যে, বাংলাদেশ সব মতের, সব ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কাটি থাকবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
তিনি বলেন, মানুষ বলছে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে ক্রাইম রিপোর্টগুলো সব সীমা অতিক্রম করেছে এই সময়ে।
মঙ্গলবার (৫ মে) চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সেবামূলক প্রতিষ্ঠান জনগণের হতে হবে
হাসনাত আবদুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনও মধ্যস্বত্বভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।



