শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নূরুন্নিসা সিদ্দিকার
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শ্রমিকরা অর্থনীতির চালিকাশক্তি

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প ও কৃষিসহ সব সেক্টরে উৎপাদন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। অথচ দুঃখজনকভাবে আমাদের দেশে এখনো বহু শ্রমিক তাদের ন্যায্য মজুরী, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’

নারী শ্রমিকদের দ্বিগুণ বৈষম্য

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বিশাল সংখ্যক নারী শ্রমিক রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় আমাদের নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার – একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা রয়েছে। অথচ তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাসূলের সুন্নাত অনুসরণের আহ্বান

নূরুন্নিসা সিদ্দিকা বলেন, রাসূলের (সা:) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দেওয়া। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

শ্রমিক দিবসের তাৎপর্য

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়; এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আসুন, আমরা সবাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।

পরিশেষে তিনি দেশের সকল শ্রমিকের কল্যাণ, নিরাপত্তা ও উন্নতি কামনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ