প্রধানমন্ত্রী তারেক রহমান পুরাতন প্রতিষ্ঠানের নাম বেগম খালেদা জিয়ার নামে পুনঃনামকরণ না করার নির্দেশ দিয়েছেন। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে 'বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ' রাখার প্রস্তাব অনুমোদন না করে তিনি একটি নীতিগত সিদ্ধান্ত প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে, তবে পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে নতুন কোনো উদ্যোগ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নামকরণ বিবেচনা করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেন।
মশক নিধন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য
এর আগে মশক নিধন শেখা নিয়ে ফ্লোরিডা নয় ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।
একটি প্রস্তাবের সার-সংক্ষেপে তিনি এ মন্তব্য করেন। মশক নিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
প্রধানমন্ত্রীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থের বিষয়টি নতুনভাবে বিবেচনার বার্তা হিসাবে দেখেছেন।



